ফেনী :
ফেনীর ছাগলনাইয়া পৌর সভার নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হলেন আ’লীগের এম. মোস্তফা। মঙ্গলবার সন্ধ্যায় ভোট গননা শেষে বেসরকারীভাবে বিজয়ী মেয়র এম. মোস্তফা ও কাউন্সিলরদের নাম ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন।
কাউন্সিলর নির্বাচিত হলেন , আবদুল লতিফ বাহার, মেহেদী হাসান চৌধুরী শিমুল , কাজী নুরুল আলম, নাছির উল্যাহ ভূঁইয়া রিন্টু , মোজাহারুল ইসলাম মুসা, হাবিবুর রহমান মজুমদার , সহিদ উল্যাহ মজুমদার , আবদুল মোমিন চৌধুরী ও মুন্সী নুর হোসেন । সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হলেন, জাহানারা বেগম, মাসুদা আক্তার ও শাহানা আক্তার ।
এর আগে মঙ্গলবার (০২ নভেম্বর)সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। সকাল ৯টার দিকে জোর করে ইভিএমে বাটন টিপে এক ভোটারের ভোট দেয়ার অভিযোগে ৫নং ওয়ার্ডের ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মেয়র প্রার্থী মোস্তফার এজেন্ট শাহাদাত হোসেন শিপন গ্রেফতার করেছে পুলিশ । একই অভিযোগে উত্তর সতর কেন্দ্রে থেকেও এক এজেন্টকে আটক করে পুলিশ।
মো: মোস্তফা জানান, বিগত ৫ বছর মেয়রের দায়িত্বে থেকে জনগনের সেবা করার চেষ্টা করেছি। পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে এসময়ে। সে বিবেচনায় জনগন আবার তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিল ।
স্বতন্ত্র মেয়র প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার সুমন জানান, আমি জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হয়েছে। ফলাফল যাইহোক মেনে নিয়েছি।
জানা যায়, মেয়র পদে দুই, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ছাগলনাইয়া পৌরসভায় ৩৫ হাজার ৬৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তন্মধ্যে মহিলা ভোটার ১৭ হাজার ৫৪ জন এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৬০৫ জন ভোটারের জন্য ১৩টি কেন্দ্রের ৯৩টি বুথে ভোটগ্রহন করা হয়েছে।