করোনায় আক্রান্ত চীনকে সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ
চীনকে সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা রুখতে হিমশিম খাওয়া চীনের জন্য মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লোভ ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন তিনি। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে ওই চিঠি ও স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। চীন দ্রুত সময়ের মধ্যে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। পাশাপাশি চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চিঠি ও সামগ্রী গ্রহণের সময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান,

করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেবে চীন। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহানুভবতার সাধুবাদ জানাই আমরা। করোনাভাইরাস ইস্যুতে চীনকে বাংলাদেশ যে সহযোগিতা করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। আমি একটি ভালো খবর দিতে চাই, চীনা দূতাবাস ৫০০ করোনাভাইরাস কিট বাংলাদেশকে সরবরাহ করবে।
তিনি জানান, দু’পক্ষের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। করোনাভাইরাসের কোনো সীমান্ত নেই। এ সময় বাংলাদেশ যে সহমর্মিতা দেখাচ্ছে তা বন্ধুত্বের পরিচয় বহন করে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মারা গেছে ১ হাজার ৬৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে করোনা আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *