উত্তম কুমার বড়ুয়া , খাগড়াছড়ি :
মাটিরাঙ্গায় রিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী জামাল উদ্দিন কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার ভোর চারটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম পশ্চিম কাজীপাড়ার মৃত. সিরাজুল ইসলামের ছেলে জামাল উদ্দিনের স্ত্রী ও মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার আব্দুর রহিমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাধ হতো। স্বামী জামাল উদ্দিন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো‘র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।