ফেনীতে মাদক নির্মূলে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় চায় পুলিশ

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলার সার্বিক নিয়ন্ত্রনে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা চেয়েছেন ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী। আসন্ন রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে বুধবার বিকালে ফেনী মডেল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে মাদকের ছড়াছড়ি বন্ধ করতে ওসি ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। ইউপি চেয়ারম্যানগণ জানান, সীমান্তবর্তী এলাকা শর্শদি ও ধর্মপুর ইউনিয়ন হয়ে ফেনীর বিভিন্ন স্থানে মাদক প্রবেশ করছে। পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ডাকাত সর্দার আজাদ ও কসাই বাবুসহ বেশ কয়েকজন ডাকাত কারাগারে থাকার কারণে কয়েক মাস এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিত ভালো ছিল। হঠাৎ করে এলাকায় ছুরি-ছিনতাই বেড়ে গেছে। একইসাথে মাদকের ছড়াছড়িও বেড়েছে। এখন বহনে সহজলভ্য হওয়ায় অনেকেই ফেন্সিডিলের পরিবর্তে ইয়াবা বিক্রিতে জড়িয়ে পড়েছে। রাতের বেলায় সিএনজি গাড়িতে ছিনতাই এবং পিকআপ যোগে সংঘবদ্ধ ডাকাতরা গরু চুরি করছে।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা বলেছেন, রোজার ঈদকে সামনে রেখে ধর্মপুরের একটি সিন্ডিকেট শাড়ী পাচারের চেষ্টা করছে। মাদকের ছড়াছড়ি বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি গত চার মাস ধরে ভালা রয়েছে। এলাকায় বিএনপি-জামায়াত নেই বললেই চলে। ধর্মপুর সীমান্তবর্তী হওয়ায় অনেকেই মাদক বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এরা অস্ত্র ব্যবসার সাথেও জড়িত। পাটোয়ারী পুকুর পাড়ে মাদক বিক্রেতাদের আড্ডা বসে।

তার কোন বাহিনী নেই দাবী করে সাকা বলেন, আমার কোন বাহিনী নেই এবং আমি কোন বর্ডার নিয়ন্ত্রণ করি না। সাবেক চেয়ারম্যান বর্ডার নিয়ন্ত্রণ করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, কোন বিষয়ে ভূঞার হাট পুলিশ ফাঁড়িতে ফোন করলে তাদেরকে পাওয়া যায় না। গাড়ি নেই বলে অজুহাত দেখিয়ে এগিয়ে আসে না। সাম্প্রতিক সময়ে লস্করহাট বাজারে চুরি বেড়েছে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, কাজীর দিঘী এলাকার সবুজ অত্র এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।

কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহাম্মদ সোহাগ বলেন, কাজীরবাগের দুটি স্পটের অবস্থা ভয়াবহ। মালিপুর থেকে অশ্বদিয়া পর্যন্ত এ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত চুরি-ছিনতাই করছে।

শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ধরলে ছাড়িয়ে নিতে তিনি থানায় কখনো সুপারিশ করবেন না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *