সোনাগাজী (ফেনী)প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের ছোট ভাই রাশেদুল হাসান ও এক গৃহবধূকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান বাদী হয়ে শুক্রবার মামলাটি করেন। এর আগে তিনি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রাশেদুল হাসান বলেন, একটি মহল ষড়যন্ত্র করে গত কয়েক দিন ধরে এক প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে তার সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করছে।
নায়েব আলী ও শেখ মিরাজ উদ্দিন নামে দুটি আইডি ও কয়েকটি পেজ থেকে ছবিগুলো ফেইসবুকে ছড়ানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম সরকার বলেন, মামলা দায়েরের পর যে সব ফেসবুক আইডি থেকে নুসরাতের পরিবার ও ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে, সে সব আইডির মালিকদের শনাক্ত করতে সিআইডি ও ফেসবুক কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। আইডি শনাক্তের পরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমার পরিবারের মানসম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য একটি সংবদ্ধ মহল এ সব অপপ্রচার করে আসছে। প্রশাসনের কাছে আমরা তাদের চিহ্নিত করে বিচার দাবি করছি।