অনলাইন ডেস্কঃ
সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেনের জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন সদ্য বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরী। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেটে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় যোগ দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে ইনাম আহমদ চৌধুরী বলেন, এটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমি অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত বলতে পারি, কোন ভুল করিনি। বিএনপির বিবেচনাবোধের মৃত্যু আমি সহ্য করতে পারিনি।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখানে কোন ব্যক্তি স্বার্থ নেই। আমি মনে করি দেশকে উন্নয়নের পথে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।
সিলেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ ইনাম আহমদ চৌধুরী বলেন, গত বুধবার (১৯ ডিসেম্বর) আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগদান করি, তখন প্রায় এক ঘণ্টা সময় তিনি আমাকে দিয়েছেন। এসময় সিলেট প্রসঙ্গে অনেক কথা হয়েছে। সিলেট নিয়ে তাৎর আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি মনেপ্রাণে সিলেটকে লালন করেন। এতো ইতিবাচক মনোভাব আমাকে অভিভূত করেছে।
তিনি বলেন, আমি যে দলে ছিলাম (বিএনপি) সেখানে সিলেটের এরকম স্বীকৃতি দেখিনি। এটা আমাকে অবাক করেছে।
সিলেট থেকে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব শেখ হাসিনা দিয়েছেন উল্লেখ করে ইনাম আহমদ চৌধুরী বলেন, এখন সিলেটবাসীর দায়িত্ব হলো, শেখ হাসিনা যে প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন তাকে ভোট দিয়ে মনোনীত করা। নৌকার জয় মানে আমাদের উন্নয়ন-প্রত্যাশার জয়, শেখ হাসিনার জয়, বঙ্গবন্ধুর দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনার বিজয়।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই এদেশের লক্ষ্যবস্তু বাস্তবায়ন করতে পারে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের নিবেদিত প্রাণ। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই একই পথের সহযাত্রী হতে চাই। উন্নয়নের পথে আধুনিকীকরণে এগিয়ে যেতে চাই।
এদিকে ইনাম আহমদ চৌধুরী সভায় যোগ দিলে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে মোমেন তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় তিনি বলেন, আমরা খুবই গর্বিত যে বড় ভাই ইনাম আহমদ চৌধুরী সত্যকে উপলব্ধি করে আমাদের দলে যোগ দিয়েছেন। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, পারিবারিকভাবেও তিনি আমাদের কাছের মানুষ।
তিনি বলেন, ইনাম চৌধুরী ব্যক্তিগতভাবে একজন সৎ ও উন্নত হৃদয়ের মানুষ। সারা জীবনই তিনি এদেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে কাজ করেছেন। তার মত ভাল লোক খুব কমই পাওয়া যায়। কিন্তু, তিনি যে দলে ছিলেন সে দল সম্মানীদের সম্মান দিতে জানে না।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জর ধর ভোলা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ড. এমএ আজিজ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম প্রমুখ।