ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার ধার্য তারিখ মঙ্গলবার কোনও সাক্ষী আদালতে হাজির হননি। রাষ্ট্রপক্ষের আবেদনে আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণে দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক। ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি হাফেজ আহাম্মদ এ তথ্য জানান।
পিপি জানান, মঙ্গলবার আদালতে পাঁচজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু সাক্ষীরা কেউ আদালতে হাজির হননি। গত ৪ জানুয়ারিও এ মামলার কোনও সাক্ষী আদালতে হাজির হননি।
ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৪ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
পিপি জানান, মঙ্গলবার ১৫ জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আগামী ধার্য তারিখে অন্তত ১০জন সাক্ষীকে আদালতে হাজির জন্য পুলিশেকে নির্দেশ দেন আদালত। এছাড়া ১৪জন আসামির পক্ষে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে সব আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।