সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, দ্রুত ব্যাবস্থা নেয়া হবে

‘নিউজ ডেস্ক

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সরকার ও তথ্য মন্ত্রণালয় সবসময় সাংবাদিকদের পাশে আছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেছেন, ‘কর্তব্যরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যারা হামলা করেছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের ছবি আমাদের হাতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মৌখিকভাবে অনুরোধ করেছি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। তবে আমরা লিখিতভাবেও ব্যবস্থা নিতে বলবো। এই হামলার ঘটনা দুঃখজনক।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় গত রোববার (৫ আগস্ট) রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। এ সময় সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গত শনি ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতেই হামলার শিকার হন কমপক্ষে ২৪ জন সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *