রাজবাড়ী প্রতিনিধিঃ ১১ ফেব্রুয়ারি রোববার বিকেল নতুন বাজার জেলা কারাগারের সামনে থেকে রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আবুল হোসেন কলেজের অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটুকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃত আহসানুল করিম হিটু পৌর এলাকার কাজীকান্দা গ্রামের আজাহার চৌধুরীর ছেলে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৮ফেব্রয়ারী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শুক্রবার ০৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আফছার আলী সরদারকে আটক করে পুলিশ।
১০ফেব্রুয়ারী শনিবার ১৫১ ধারায় তাকে আদালতে চালান করে পুলিশ।পরে আদালত তাকে কারাগারে পাঠায়। ১১ ফেব্রুয়ারী রোববার আফছার আলী সরদার আদালত থেকে জামিন পায়।
বিকেলে বিএনপির নেতাকর্মীরা আফছার আলী সরদারকে আনতে জেলা কারাগারের সামনে অবস্থান করেন। এমন সময় পুলিশ হিটু চৌধুরীকে আটক করে।
রাজবাড়ী সদর থানার তদন্ত (ওসি) কামাল হোসেন জানান, নাশকতা ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।