রাজশাহী | ০৪ ডিসেম্বর ২০১৭,।
জিন তাড়ানোর নামে ঝাড়-ফুঁক, অসুখ সারানোর নামে পানি পড়া দিয়ে বোকা বানাতেন তিনি। সহজ-সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা। এমন অভিযোগে কথিত ‘জিনের বাদশা’কে কৌশলে ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করলেন সাংসদ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন গতকাল রোববার সকালে নাজমুল হুদা (২৯) নামের ওই ব্যক্তিকে পুলিশে তুলে দেন।
আটক জিনের বাদশা নাজমুল হুদার বাড়ি পবা উপজেলার দামকুড়া এলাকায়।
সাংসদ আয়েন উদ্দিন জানান, নাজমুল হুদা নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেন। জিন তাড়ানো, পানি পড়া, তেল পড়ার মাধ্যমে বিভিন্ন অসুখ সারানোর নাম করে দীর্ঘদিন ধরেই তিনি মানুষের পকেট কাটছিলেন। এ বিষয়ে এক নারী তাঁর কাছে অভিযোগ দেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ গতকাল দুপুরে জানান, নাজমুলের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।