উৎপাদন বাড়াতে খাল খনন করছে সরকার : পরিবেশমন্ত্রী

ফেনী :

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, দেশের সব খাল নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে কাজ করছে বিএনপি সরকার । সেই লক্ষ্যে আজ প্রধানমন্ত্রীও খাল খনন কার্যক্রমে গিয়েছেন।

তিনি সোমবার (১৬ মার্চ) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় দাদনার খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের কোনো বিকল্প নেই। তাই আজকে আমাদের সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে। সরকার যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগ বহু বছর আগে আমাদের নেতা জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে এবং ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় বিভিন্নভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে করে এ মুহূর্তে খাল খনন কার্যক্রম অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, দাদনার খনন করা হলে ৩২০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে করে অন্তত ১শ কোটি টাকার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে তিনি।

অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মনিরা হক’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরনবী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

উল্লেখ্য, দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় বি-স্ট্রোং প্রকল্পের মাধ্যমে ফেনীর দাগনভুইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দাদনার খালের ৭ কিলোমিটার পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি বসুরহাট খাল থেকে উৎপত্তি হয়ে ইয়াকুবপুর, দাগনভুইয়া সদর ইউনিয়ন হয়ে দাগনভুইয়া পৌরসভার পেছন দিয়ে চৌধুরী হাট হয়ে ছোট ফেনী নদীতে মিলিত হয়েছে।

এছাড়াও দাগনভুইয়া উপজেলায় অবস্থিত ৪২টি খালের তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সব খাল-নালা পুনঃখনন কার্যক্রম নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *