ফেনী :
ফেনীতে দেশীয় অস্ত্র ও তিন কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অস্ত্র ও মাদক আইনে মামলা করে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল দাস।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মহিপাল ক্যাম্পের একটি দল।
অভিযানে জিয়াউর রহমান (৫০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে উত্তর মাথিয়ারা গ্রামের শফিকুর রহমানের ছেলে।
এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে তিন কেজি গাঁজা, ১৬ টি মোবাইল সেট, ৬টি চাকু, দুইটি চাপাতি, দুইটি দা, একটি ছুরি ও তিনটি রড উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারি ক্যাপ্টেন মো. ফাতিন ইসতিয়াক বলেন, ধৃতের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার ঘরে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র, চোরাই মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।