ফেনী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে ফেনীতে রিয়াজ উদ্দিন স্বপন নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জগন্নাথ বাড়ি সংলগ্ন মেসার্স টাইম সেন্টার থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ফেনী পৌরসভার সাবেক কমিশনার বিএনপি নেতা আব্দুল বারিক বন্ধুর ছেলে ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন স্বপনের বিরুদ্বে এক পুলিশ কর্মকর্তার আত্মীয়ের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। এঘটনায় সোমবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জগন্নাথ বাড়ি সংলগ্ন মেসার্স টাইম সেন্টার থেকে স্বপনকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
পরে ওসি মেজবাহ উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম স্বপনকে ২/৩ ঘটনা ব্যাপী ব্যাপক জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে ছেড়ে দেয়। তদন্তে ওই ফেসবুক আইডিতে দেওয়া নাম্বারের সাথে স্বপনের মোবাইল নাম্বারের মিল পাওয়া যায় বলে জানান গোয়েন্দা পুলিশের এসআই সোহেল কামাল।
এদিকে স্বপনের দোকানের প্রতিবেশী কয়েকজন ব্যবসায়ী জানান, বেশ কয়েকদিন ধরে দোকান বন্ধ রেখে স্বপন পলাতক ছিল।কি কারনে পলাতক ছিল এ বিষয়ে তারা জানেন না বলে দাবি করেন।