সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কটুক্তির জেরে হামলা করেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এতে বিএনপি ও সহযোগি সংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার বিকাল পাঁচটায় সোনাগাজী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবীর, যুবদল নেতা মামুনুর রশিদ, মো. সুমন, জুয়েল রানা ও বিএনপি নেতা নূরনবী মেম্বার।
আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । উপজেলা বিএনপি এই হামলার জন্য ছাত্রলীগকর্মীদের দায়ী করেছেন।
উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর আলম জানান, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের নেতৃত্বে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোনাগাজী কলেজ রোডে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ।
নুর আলম আরো জানান, বিকাল পাঁচটার দিকে অনুষ্ঠানস্থলে যুবদল ছাত্রদল এর কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়। এসময় ১০-১২জন ছাত্রলীগ নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। এতে ছয় নেতাকর্মী আহত হয় এবং ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান পন্ড করে দেয়।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধূরী রবিন জানান, ১০-১২জন ছাত্রলীগ নেতাকর্মী কলেজে যাওয়ার সময় তাদেরকে দেখে বিএনপির উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে । ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়ে তাঁদেরকে পাল্টা জবাব দিয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে। বাংলারদর্পণ