মেয়রকে জেতানোর জন্য প্রতিটি কেন্দ্র দখল করবে জেলা আ’লীগ নেতৃবৃন্দ

ফেনী প্রতিনিধি :
সোনাগাজী পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত দলীয় মতবিনিময় সভায় মেয়র প্রার্থীর জন্য কেন্দ্র দখল করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক- শহীদ খোন্দকার।

শনিবার দুপুরে পৌরসভার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকনের সমর্থনে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শহিদ উদ্দিন খন্দকার বলেন, ‘জেলা অা’লীগের নেতৃবৃন্দ প্রতিটি কেন্দ্রে অবস্থান করবেন। কেন্দ্র দখল হবে শুধু মেয়র প্রার্থীর জন্য।

তিনি বলেন, ‘এটা আমাদের কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত। আমাদের প্রিয় নেতার একটি কিচেন ক্যাবিনেট রয়েছে। এখানে আমাদের দিদার সাহেব, সুশেন বাবু রয়েছেন। তারা ইতোমধ্যে সব বলেছেন; যা বলেছেন ওনার (নিজাম হাজারীর) মেসেজ বলেছেন। আমি যেহেতু জেলার দায়িত্বে রয়েছি, তাই আমিও আপনাদের প্রিয় নেতার মেসেজ দিচ্ছি। ’

শনিবার বিকালে পৌর শহরে গনসংযোগ করেন মেয়র প্রার্থী শেখ সেলিম।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলি হায়দার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশেন চন্দ্র শীল।

হুমকির বিষয়ে জানতে শহীদ খন্দকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেন্দ্র দখল করা হবে বলেছি কিনা আমার স্মরণে নেই। যদিও বলে থাকি সেটা মুখ ফসকে বলা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। ’

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জন্য কেন্দ্র দখল করা হবে জেলা আওয়ামী লীগ নেতার এমন ঘোষণায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ সেলিম, নাছির উদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ হিজবুল্লাহ।

তারা বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল সোনাগাজী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *