যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি |

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামে শাহজাহান আলী নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহজাহান ও তার দুলাভাই আবুল হোসেন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় তিন যুবক এসে শাহজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন আবুল হোসেন তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও হামলাকারীরা আঘাত করে। পরে গুরুতর আহত শাহজাহানকে ঈশ্বরদী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শাহজাহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন আমেরিকা প্রবাসী সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ১০-১২ দিন আগে শাহজাহানের ভাই জালালকে এলাকার নবী ও নান্নু মারধর করেছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রেসারেসি চলছিল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মামলা দায়ের হলে দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *