মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়াল চট্টগ্রাম জেলা পুলিশ। সোমবার (৩০ মার্চ) বেলা ১২ টা থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় রিকশাচালক, দিনমজুর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল-ডাল, আটা-লবণসহ নিত্যপ্রয়োজনীয়দ্রব্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহিউদ্দিন সোহেল।
ওইদিন শুরুতেই মিরসরাই সদর এলাকায় বেশ ক’জন রিকশাচালক, দিনমজুর ও ভিক্ষুকদের মাঝে জেলা পুলিশের তরফ থেকে দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার মিঠাছরা বাজারসহ বেশকিছু হাট বাজার এলাকায় জেলা পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা মিরসরাই থানা পুলিশকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম চালিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান, পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ, পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ গুপ্ত প্রমুখ।
মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মিরসরাই সদর থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম।