ইমাম উদ্দিন সুমন:
শনিবার দুপুরে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারবাড়ী গ্রামের আনিস আহাম্মদের মেয়ে স্কুল ছাত্রী আফরিনা আনিস স্বর্ণাকে অপহরণ করতে এসে গণধোলাইয়ের শিকার হলো ৩ সন্ত্রাসী।
খবর পেয়ে পুলিশ আহত সন্ত্রাসীদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার পালপাড়ার আবুল খায়েরের ছেলে রিয়াজ উদ্দিন তুহিন (১৮) নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী স্বর্ণাকে প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু স্বর্ণা এতে সাড়া না দেওয়ায় তাকে জোর করে তুলে নেয়ার জন্য তুহিন গতকাল দুপুরে ৪টি মোটর সাইকেলে ১০/১২ জন সঙ্গী নিয়ে স্বর্ণাদের বাড়ীতে আসে।
স্থানীয় এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে সন্ত্রাসীদের ধাওয়া করে তুহিন সহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। অন্যরা পালিয়ে যায়। গণধোলাইয়ের শিকার অন্য দুইজন হলো সোনাইমুড়ি উপজেলার দেওটি গ্রামের আবুল কাশেম লিটনের ছেলে ফয়সাল আহম্মেদ কাউসার (১৮) এবং পালপাড়া গ্রামের হাবিব উল্যার ছেলে ইসমাইল হোসেন (১৮)।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।