বাংলারদর্পন : | ০৮ ডিসেম্বর ২০১৭।
জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা-পচাবহলা রাস্তার কাটাখালী খালের ওপর সেতু নির্মাণ হয়েছে প্রায় পাঁচ মাস আগে। কিন্তু দুপাশে মাটি ভরাট করা হয়নি। এ কারণে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে গ্রামের প্রায় তিন হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর দুপাশ প্রায় আড়াই ফুট উঁচু। মাটি নেই। এ কারণে লোকজন সেতুর ওপর দিয়ে চলাচল করছে না। এর পশ্চিম পাশে একটি বাঁশবাগানের নিচ দিয়ে লোকজন চলাচল করছে।
এ সময় কাচিহারা গ্রামের মোরাদুজ্জামান বলেন, সেতু নির্মাণের আগে গর্ত থাকলেও সড়কটি দিয়ে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে পারত। কিন্তু পাঁচ মাস আগে সেতু নির্মিত হলেও গ্রামবাসী এখনো ব্যবহার করতে পারছে না। সেতু মাটি থেকে দুপাশে প্রায় আড়াই ফুট উঁচু। ফলে রাস্তা দিয়ে এখন কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বাজার ঘাটসহ ভারী মালামাল পরিবহন করা যায় না। এ কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
কাচিহারা গ্রামের মইফুল বেগম বলেন, ধান-চালসহ ভারী মালামাল নিয়ে তাঁরা এখন বিপাকে পড়েছেন। রিকশা বা অন্য কোনো যানবাহন এদিকে আসে না। ফলে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে চলাচল করতে হয়। শিশুসহ শিক্ষার্থীরা বেশি কষ্টে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান বলেন, সেতুটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছিল। সেতুটির আশপাশে শুকনা মাটি ছিল না। তবে বন্যার আগে কিছু মাটি দেওয়া হয়েছিল। বন্যায় মাটি ধসে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেখানে মাটি দিয়ে সমান করার নির্দেশ দেওয়া হয়েছে। মাটি কাটার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী বলেন, সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মাটি কাটার জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সেতুটির দুপাশ মাটি দিয়ে ভরাট করা হবে।