গাজীপুর :
গাজীপুরের একটি আবাসিক হোটেলে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ তরুণীসহ ১৭ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার হোটেল এশিয়াসহ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালায়। এ সময় হোটেল এশিয়া থেকে ১৪ জন তরুণীসহ মোট ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
অভিযানের খবর পেয়ে আশপাশের হোটেল রাজধানী ও ময়নামতিসহ অন্য হোটেলগুলো তালাবদ্ধ করে কর্মচারীরা পালিয়ে যায়। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত এসময় হোটেল ভবন মালিককে সতর্ক করে দেয়।