নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর ২০১৭।
সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় নিজ কক্ষে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মারা যাওয়ার ঘটনায় হত্যার আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনায় মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা লোকদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার থানার উপপরিদর্শক দেবাশীষ দেব বাদী হয়ে এই মামলা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন মামলার তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে জানানো হলেও প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু আলামত পাওয়া গেছে। যেগুলো সাধারণত হত্যাকাণ্ডে পাওয়া যায়। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করা হয়েছে। মামলায় আসামি অজ্ঞাতনামা রাখা হলেও তদন্তে হত্যাকারীদের শনাক্ত করা হবে বলে ওসি জানান।
গত রোববার মধ্যরাতে হাসিনা বেগম (৩৫) নামের গৃহবধূ অগ্নিদগ্ধ হন। রাতেই তাঁকে সিলেট এমএজি ওসমানী মডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে পরদিন সোমবার তিনি মারা যান। হাসিনার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর স্বামী মোনায়েম আহমদ ওরফে মোহন। তাঁদের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দেন হাসিনা। কিন্তু প্রতিবেশীরা এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করছিলেন। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ঘরে তালাবন্দী করে স্ত্রীকে পুড়িয়ে হত্যা?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
মোনায়েম আহমদ পেশায় ব্যবসায়ী বলে পরিচয় দিলেও দৃশ্যমান কোনো পেশা তাঁর ছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। প্রতিবেশীরা জানিয়েছেন, মোনায়েম সিলেট নগর যুবলীগের আহ্বায়ক আলম খানের সঙ্গে চলাফেরা করতেন। নিজেকে ‘যুবলীগের নেতা’ পরিচয় দিতেন। তবে আলম খান যুবলীগের সঙ্গে মোনায়েমের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।