বাংলারদর্পন ||
মায়ানমার থেকে ইয়াবা এনে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে আজ ১২ নভেম্বর রোববার দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করা হয় উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের ভেতরে এইচ- ১১ নং ব্লকে। এ অভিযান পরিচালনা করেন ক্যাম্পের ইন চার্জ কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি বলেন, এইচ-১১ ব্লকের ফাতিমা জিন্নাহ মনোয়ারা, পিতা: আব্দুর রশিদ (২৯) নামে রোহিঙ্গা নারী ব্যবসায়ীকে হাতেনাতে ইয়াবাসহ ধরে ফেলা হয়। তার কাছে সংরক্ষিত পলিথিনের ভেতর থেকে থেকে ১৫ (পনের) পিস ইয়াবা (অ্যাম্ফেটামিন যুক্ত মাদক) পাওয়া যায়।
পরবর্তীতে আটককৃত উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) জনাব একরামুল সিদ্দিকের সম্মুখে মাদক বহন ও বিক্রয়ের অপরাধটি উদঘাটিত হওয়ায় ও অভিযুক্ত দোষ স্বীকার করে নেওয়ায় আসামী ফাতিমা জিন্নাহকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান,রোহিঙ্গাদের মাঝে অনেকেই মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত । আমরা চেষ্টা করছি এই ব্যবসায় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।
অভিযানে ক্যাম্পের পুলিশ সদস্য ও ডিজিএফআই এর সদস্যরা অংশ নেন।