দু’সপ্তাহের মধ্যে সব সড়ক সংস্কারের আশ্বাস মেয়রের

 

 

চট্টগ্রাম: আগামী দু’সপ্তার মধ্যে নগরীর সব সড়কে সংস্কারের ছোঁয়া লাগবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র জানান, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে মানুষের দুর্ভোগ কমানোই একমাত্র লক্ষ।

শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিটি মেয়রের নির্দেশে শুক্রবার (৬ অক্টোবর) থেকে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। সড়কগুলো চলাচলের উপযোগী করতে নিজস্ব জনবলের পাশাপাশি চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সরকারি ছুটি থাকলেও আগ্রাবাদ এক্সেস রোড এবং আরাকান সড়কে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলেছে।

মেয়র বলেন, আমি নগরবাসীর সেবক, আমার সব কার্যক্রম মানুষের কল্যাণে নিবেদিত। আমার দ্বারা একজন মানুষও ক্ষতিগ্রস্থ কিংবা দুর্ভোগে পড়–ক তা আমি চাই না।

গৃহকর নিয়ে একটি শ্রেণি ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চলছে অভিযোগ করে মেয়র বলেন, আমি কোনভাবেই মন্ত্রণালয়ের নির্দেশের বাইরে যেতে পারি না। ১৯৮৬ সাল থেকে একই প্রক্রিয়ায় অ্যাসেসম্যান্ট হয়ে আসছে। ফলে সরকারি গেজেটের বাইরে অ্যাসেসম্যান্ট করার সুযোগ নেই।

‘এটা যদি কেউ করে বা বলে থাকেন আইন লঙ্ঘন ও অনিয়ম করেছেন। তাঁরা কিভাবে নির্দেশনা মানেননি তা আমি শিগগির সংবাদ সম্মেলন করে জানাব। আমি আপনাদের পাশে আছি, গৃহকর সহনীয় পর্যায়ে চাইলে অবশ্যই আপিল করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *