ফেনী :
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ধানের শীষে ভোট চাইলেন তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল।
তিনি উইমেন এন্টারপ্রেনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাল্টিমোড গ্রুপের ভাইস প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার বিকালে সোনাগাজীর নবাবপুরে বেলায়েত সওদাগর বাড়িতে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জনপ্রতিনিধি না হয়েও এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সোনাগাজীতে ঘরে-ঘরে গ্যাস সংযোগ, মহিলা কলেজ প্রতিষ্ঠা, নারী -পুরুষদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থাকরণ সহ প্রয়োজনীয় সব ধরনের উন্নয়ন কাজ করবেন। তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকায় তাঁর পক্ষে সব ধরনের উন্নয়ন করা সম্ভব বলে জানান তিনি।
নবারপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জহির উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী, বিএনপি নেতা শামসুদ্দিন, কৃষকদল নেতা নুর করিম, নবারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোশারফ হোসেন প্রমূখ।
সমাবেশে নবাবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।
