নিজস্ব প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি বাপ্পিকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।ফেনী মডেল থানা পুলিশ সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ১৩ নভেম্বর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে চেয়ারম্যান একরামের শরীরে আগুন লাগানোর পর ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাপ্পিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৪ সালের ২০ মে তৎকালীন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে নিজ দলীয়রা।
এ ঘটনায় গ্রেপ্তার জিয়াউর রহমান বাপ্পিসহ ১৬ জন স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে জামিনে বের হয়ে পালিয়ে যান বাপ্পি।
২০১৮ সালের ১৩ মার্চ মামলার রায়ে বাপ্পিসহ ৩৯ জন আসামির ফাঁসি ও ১৬ জনকে খালাস দেন তৎকালীন জেলা ও দায়রা জজ আমিনুল হক। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।