ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিন চর দরবেশ গ্রামে কৃষক বেলায়েত হোসেন বেলালকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন উত্তর চর দরবেশ এলাকাবাসি। শনিবার সকালে উপজেলার জিরোপয়েন্টে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিক্ষুব্দ এলাকাবাসি বলেন, ভুমি বিরোধের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী আবুল হাসেম ও ভিকটিম বেলালের পরিবারের পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে।
এরই জেরে উপজেলা বিএনপির এক নেতার ইন্ধনে তার সহযোগী যুবদল নেতা আবুল হাসেম পরিকল্পিতভাবে বেলালকে খুন করে। এর আগেও কয়েকবার বেলাল ও তার ভাই আমির হোসেন ননা মিয়াকে হত্যার চেষ্টা করেছিল হাসেমগং। বেলাল খুনের ঘটনায় জড়িত হাসেমসহ সকল আসামীর ফাঁসির দাবী করেন এলাকাবাসি ।

প্রসঙ্গত, ৩১মে (সোমবার) ভোর ৫টায় উপজেলার উত্তর চর দরবেশ গ্রামের হাদা বেপারীর দোকান সংলগ্ন এলাকায় কৃষক বেলালকে কুপিয়ে হত্যা করে একই গ্রামের আবুল হাসেম ও তার কয়েকজন সহযোগী। বেলাল চর দরবেশ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। ওইদিন নিহতের ভাই আমির হোসেন ননামিয়া বাদী হয়ে আবুল হাসেমকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আবুল হাসেম(৪০) তার বাবা আবদুস শুক্কুর(৬০), শেখ ফরিদ(৩০), আনোয়ার হোসেন মিন্টু(২৭) শেখ বাহার(৩২), আবদুল মালেক (২৩)ও নিজাম উদ্দিন (২৩)কে গ্রেফতার করা হয়। এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । ধৃত আসামীদের আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরো জানান, এজাহার নামীয় তিন আসামী এখনো পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে।