ডিমের ভেতর হীরা, কামড় দিয়েই অবাক নারী!

চিত্র বিচিত্র ডেস্কঃ
ডিমের ভেতর মিলল হীরা। কামড় দিয়েই অবাক হলেন সেই নারী! এবেলার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিন কয়েক আগে ইংল্যান্ডের কাম্ব্রিয়ার বাসিন্দা ৩৯ বছর বয়সী স্যালি থম্পসন সকাল বেলা ব্রেকফাস্ট করতে বসেছিলেন। সামনে তার বিয়ে। প্রেমিক স্টিফেন ওয়ারউইকের সঙ্গে কিছুদিনের মধ্যে বিয়ে হবে তার। বিয়ের আগে তাই স্যালি চাচ্ছিলেন একটু ওজন কমাতে।
তাই রোজ সকালে হার্ড বয়েলড ডিম খাওয়া শুরু করেন। কিন্তু সেদিন ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা কামড় বসাতেই মুখে শক্ত মতো কী একটা যেন ঠেকল। স্যালি ভাবলেন, ডিমের খোসার টুকরো মুখে পড়েছে হয়তো। কিন্তু চিবোতে গিয়ে বুঝলেন, নাঃ, এ ডিমের খোসা হতেই পারে না। বরং তার চেয়ে ঢের শক্ত কোনোকিছু মুখে পড়েছে তার। মুখ থেকে সেই জিনিস বের করে হাতের তালুতে রাখতেই বিস্ময়ে হতবাক হলেন তিনি। কারণ তিনি দেখতে পান, তার হাতের তালুতে পড়ে রয়েছে একটি আস্ত হীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে স্যালি জানিয়েছেন, সেই সময় ওই ডিম ছাড়া আর কিছুই মুখে দেননি তিনি। ওই হিরা নির্ঘাৎ ডিমের ভেতরেই ছিল। কিন্তু কীভাবে একটি মুরগির ডিমের ভেতরে হীরা আসতে পারে? সেই প্রশ্ন তেমন বিচলিত করছে না স্যালিকে।
তিনি জানাচ্ছেন, ‘আমার কিছু সংস্কার রয়েছে। আমার গায়ে কোনও পাখির পালক উড়ে এসে পড়লে আমি ধরে নিই যে, আমার ভালো হতে চলেছে। কিন্তু ডিমের ভেতর হীরা পাওয়ার অর্থ এখনও উদ্ধার করতে পারিনি। ’
একটি নামজাদা সুপারমার্কেট থেকে ৬টি ডিমের একটি প্যাকেট কিনেছিলেন স্যালি। তা থেকেই রোজ একটি একটি করে ডিম খাচ্ছিলেন। তার মধ্যেই একটিতে ছিল ওই পাথর। ওই ‘হীরার দাম যাচাই করার জন্য এক হীরা বিশেষজ্ঞের কাছেও গিয়েছিলেন স্যালি। তিনি অবশ্য পাথরটিকে পরীক্ষা করে বলেন, ওটি আসল হীরা নয়। বরং কিউবিক জিরকোনিয়া নামের একটি পাথর, যা আপাতদৃষ্টিতে হীরা বলেই মনে হয়। এটি হীরার চেয়ে অনেক কম মূল্যবান একটি পাথর।
কিন্তু কীভাবে ওই পাথর একটি মুরগির ডিমে আসতে পারে? মুর্গি ফার্মে কর্মরত কোলেট ফ্রান্সিস এ প্রশ্নের উত্তরে বলছেন, ‘অনেক সময় মুরগি তার খাবারের সঙ্গে ছোট ছোট পাথরের টুকরো খেয়ে ফলে। সেই পাথরের টুকরোই সম্ভবত মুরগির গর্ভে ডিম গড়ে ওঠবার সময়ে ডিমের ভেতরে চলে গিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *