অতিরিক্ত ভাড়া নিলে ব্যাবস্থা নেয়া হবে -ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ

ঈদযাত্রায় পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রায় পরিবহনে চাঁদাবাজি হলে ভাড়া বেশি নিলে আমাদের র‌্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান, যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমাকে জানান, আমি ব্যবস্থা নেবো।’

এবারের ঈদযাত্রা আগের যেকোনও সময়ের তুলনায় ‘স্বস্তিদায়ক’ হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘সড়কে কোথাও যানজট নেই। আশঙ্কাও নেই। তবে আজ থেকে গাড়ির চাপ বাড়বে।’

শুক্রবার (৩১ মে) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, ‘ঈদে মানুষকে ভালোভাবে বাড়ি পৌঁছে দিতে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য গাড়ি চালকদের দায়িত্ব বেশি। চালকরা যাতে অধৈর্য না হন, রমজানের সংযম যেন সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ধরে রাখেন সেজন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা।’

এসি বাসের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভাড়া আদায়ের একটা সীমারেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া কোনোভাবেই ১৩০০ টাকা হতে পারে না। আপনি (বিআরটিএ চেয়ারম্যান) মালিকদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।’

ফেরি পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *