শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার তালার পল্লীতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানা পুলিশ পিতা-পুত্রসহ তিন জন কে আটক করেছে। আটককৃতরা হলেন,রঘুনাথপুরের মৃত মুনছুর আলী শেখের ছেলে আফাজ উদ্দীন (৭০), তার ছেলে হাবিবুর রহমান হবি ও মোস্তফা শেখের ছেলে নাদীম(২০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার শামছুর শেখ(৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শামছুর রহমানের পরিবার জানায়,নিহত শামছুর রহমান স্থানীয় মাগুরা বাজার থেকে কেনা-কাটা করে বাড়িতে পৌছে বারান্দায় ওঠার সময় একই এলাকার আফাজ উদ্দীন শেখের ছেলে হায়দার শেখের নেতৃত্বে আফাজ নিজে, অপর ছেলে হাবিবুর রহমান হাবি (২২), ফারুখ, মোস্তফা শেখের ছেলে নাদীম (২২) সহ অন্যান্যরা সংঘবদ্ধভাবে তার উপর হামলা করে পিটাতে থাকে এক পর্যায়ে তারা তাদের কাছে থাকা ফারাশি দিয়ে শরীরের মাজাসহ বিভিন্নস্থানে আঘাত করলে শামছুর সঙ্গা হারিয়ে ফেলেন। এক পর্যয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান তার এখানে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে সালাম শেখ ও স্ত্রী মোমেনা বেগম জানান, শামছুর রহমান প্রায় ২০ বছর ধরে মাগুরার মৌজার কাশিদা বিলের প্রায় ৫০ শতাংশ জমি সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছেন। প্রায় বছর খানেক হল, একই এলাকার আফাজ উদ্দীন শেখের ছেলে হায়দার শেখ ঐ সম্পত্তির দখল নিতে নানা তালবাহানা ও গোলযোগ করে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে তারা ঐঘটনা ঘটায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, উক্ত ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার,তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।