৭২ঘন্টার মধ্যে দাবী মানতে আহবান : ফেনী-খাগড়াছড়ি সড়কে আন্দোলনের ঘোষনা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনে শ্রমিক নিয়োগসহ বিভিন্ন দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস/মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

 

সোমবার (৪মার্চ) দুপুর ১১টায় রামগড় উপজেলায় সংগঠনটির রামগড়স্থ নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ি হতে ফেনী-ঢাকা সড়কে চলাচলকারী শান্তি পরিবহন মালিক গ্রুপের পরিবহনে শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা নিয়োগ না পাওয়ায় শতশত শ্রমিক বেকার হয়ে দু:খ কষ্টে মানবেতর জীবন অতিবাহিত করছে। শান্তি পরিবহন মালিক গ্রুপের বৈষম্যমূলক কর্মকান্ডের জন্য শ্রমিক ইউনিয়নভুক্ত শ্রমিকদের মধ্যে চাপা অসন্তোষ ও উত্তেজনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

 

২০১৫ সালে খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক গ্রুপ, আন্ত:জেলা ফেনী-রামগড় খাগড়াছড়ি বাস মালিক সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যকার সম্পাদিত চুক্তিকে পাশকাটিয়ে শান্তি পরিবহনের ব্যানারে শান্তি পরিবহন মালিক গ্রুপ শ্রমিক ইউনিয়নভুক্ত শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শতশত শ্রমিককে পথে বসাতে চাচ্ছে। অনেক চেষ্টা করেও তাদেরকে আলোচনায় বসাতে সম্ভব হচ্ছেনা বিধায় আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। ইতিমধ্যে বিষয়টি অবগতি করে জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনকে লিখিত আবেদনও করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে চলাচলকারী পরিবহনগুলোতে শ্রমিক নিয়োগ না করলে শনিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।

 

তিনি আরো বলেন,আন্ত:জেলা ফেনী-রামগড় খাগড়াছড়ি বাস মালিক সমিতি সমিতির আন্তভুক্ত ১২০টি বাস থাকলেও এখন চলছে ১৫টি। বিভিন্ন সমিতির আওতাধীন বাস, মাহেন্দ্র পিকআপ ও সিএনজি চলাচল করায় লোকসানের কারনে মালিকরা ব্যবসা গুটিয়ে ফেলেছে আর এর প্রভাব পড়েছে নিরিহ শ্রমিকদের উপর।

 

বর্তমানে শান্তি পরিবহন মালিক গ্রুপের একচ্ছত্র প্রধান্যের কারনে শান্তি পরিবহনে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস/মিনিবাস শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের নিয়োগ না দিয়ে বৈষম্য সৃষ্টি করছে। আর সবধরনের আলাপ-আলোচনা বন্ধ করায় আন্দোলনের মাধ্যমে বেকার শ্রমিকদের ন্যায্য দাবী আদায় করা ছাড়া তাদের উপায় নাই বলেও জানান সংগঠনটির সাধারন সম্পাদক।

 

এসময় সংগঠনের সভাপতি মো: জানু মিয়া, সহ-সভাপতি ইদ্রিস মিয়া, কোষাধ্যক্ষ মুকবুল আহাম্মদ, সহ-সম্পাদক মো: ইব্রাহিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *