শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরা সদর ও শ্যামনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহতসহ আহত হয়েছেন ২ জন। রবিবার বিকালে শ্যামনগরে ইঞ্জিন ভ্যান উল্টে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রসহ একদিন রাতে সদরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, স্কুল ছাত্র রাম পরশ মন্ডল (১০)। সে চিংড়িখালি গ্রামের সজ্ঞয় মন্ডলের ছেলে ও পশ্চিম চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক আফসার সরদার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে।
আহতরা হলেন, ওই গ্রামের স্বপন দাশ (৩২) ও তার দাদি শ্বাশুড়ী গীতা দাশ (৬০)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হাসান জানান, বিদ্যালয় ছুটির পর বিকালে একটি ইজ্ঞিনভ্যান যোগে বাড়িতে ফিরছিলো পরেশ মন্ডল। ভ্যান চালকের কাছ থেকে পরশ ভ্যানটি নিয়ে সে নিজেই সেটি চালাচ্ছিলো। পথিমধ্যে রাস্তার উপর অসাবধান বশতঃ ভ্যানটি উল্টে গিয়ে সে এর নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সে মারা যায়।
অপরদিকে একই দিন রাতে সাতক্ষীরা শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে রাত সাড়ে ১০ টার দিকে ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্বপন দাশ ও তার দাদি শাশুড়ী গীতা দাশ খুলনা রোড মোড় থেকে ডাক্তার দেখিয়ে আফসার সরদারের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।
পথিমধ্যে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসার সরদার নিহত হন।আহত হন তারা দুইজন। এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।