সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে অতর্কিত হামলায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষের প্রার্থী দাগনভুঞা উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার জন্য আকবর হোসেন সরকার সমর্থকদের দায়ী করেছেন। জানা যায়, সোনাগাজীর সওদাগর হাটে উপজেলা বিএনপির মতবিনিময় শেষে দাগনভূঞায় ফেরার পথে তাকিয়া বাজার অতিক্রমের সময় একদল সন্ত্রাসী আকবর হোসেনের গাড়ী বহরে হামলা চালায়। তারা গাড়ী তিনটিতে ভাংচুর করে। আকবর হোসেনের ডান হাত, পিঠে আঘাতপ্রাপ্ত হয়।
তিনি জানান, তাকে হামলাকারীরা ইট দিয়ে আঘাত করে। আহতদের মধ্যে দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছুট্টু, সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি দলিলুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, সাহাব উদ্দিন, শ্রমিক দল নেতা শাহ আলম এর নাম জানা গেছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, বিএনপির আভ্যন্থরিন কোন্দলে গত ১৪ ডিসেম্বর মতবিনিময় সভা পন্ড হয়। আজও একইভাবে চর ছান্দিয়ার নির্বাচনি সভায় উপজেলা যুবদল নেতাদের আমন্ত্রন না দেয়ায় তারাই ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির নেতা জানান, উপজেলা যুবদলের এক নেতা প্রার্থীর কাছে যুবদল নেতা কর্মীদের জন্য নির্বাচনি খরচ দেয়ার দাবি জানিয়েছে। তার সাথে উপজেলা বিএনপির দ্বন্ধ দীর্ঘদিনের।
তাদের অনুরোধে যুবদল নেতাদের সাথে যোগাযোগ করেননি বিএনপির প্রার্থী আকবর হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে জেলা যুবদল নেতা সুমন ও উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক ফখরুল সুমনের নেতৃত্বে প্রার্থীর গাড়ী বহরে হামলা করা হয়েছে। ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বিএনপির স্বদলীয় কোন্দলের কারনে বার বার তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজও একই ধরনের ঘটনা ঘটেছে।