আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট প্লট তৈরী হয়েছিলো | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী ও বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়।

বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট প্লট তৈরী হয়েছিলো। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের পরোক্ষ মদদে যে এই গ্রেনেড হামলা চালানো হয় তা আজ তদন্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

আরেকটি রক্তাক্ত ১৫ আগস্ট ঘটাতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাত্র দেড় মিনিটে উপর্যুপরি ১৩টি গ্রেনেড মেরেই ক্ষান্ত হয়নি ঘাতকরা; গ্রেনেডের আঘাতে পরাস্ত করতে না পেরে ওইদিন শেখ হাসিনার গাড়িতে ঘাতকরা ছুড়েছিল বৃষ্টির মতো গুলি। একেবারে পরিকল্পিত ও টার্গেট করা ঘাতকদের নিক্ষিপ্ত গুলি ভেদ করতে পারেনি শেখ হাসিনাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ি। শেখ হাসিনাকে আড়াল করে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স কর্পোরাল (অব.) মাহবুবুর রশীদ। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন সহ মোট ২৪ জন নিহত হন। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভী রহমান অন্যতম। এ হামলায় ২৪ জন নিহত হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হন।

বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় শুরু থেকেই হোতাদের আড়াল করতে তদন্তের গতি ভিন্ন খাতে নেয়ার প্রক্রিয়া শুরু করে। তদন্তের নামে নানা আষাঢ়ে গল্প হাজির করে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত শুরু করলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। তদন্তে বেরিয়ে আসে, খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে অবহিত ছিল এবং অনেকেই প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতও ছিল।

প্রকৃত অর্থে সুপরিকল্পিত ২১ আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল দেশের প্রধান দল আওয়ামী লীগ, যারা দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আদর্শের পতাকা বহন করে তাকে নেতৃত্বহীন করে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *