কলকাতা প্রতিনিধি:
ভারতে চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র দপ্তরের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) জানিয়েছে, চলতি বর্ষায় ভারতের কেরালা রাজ্যে ১৮৭ জন, উত্তরপ্রদেশে ১৭১ জন,পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন এবং নাগাল্যান্ডে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যার কারনে এখন পর্যন্ত ভারতে নিখোঁজ হয়েছেন ২৭ জন। শুধুমাত্র কেরালাতেই নিখোঁজের সংখ্যা ২২ এবং পশ্চিমবঙ্গে ৫ জন। দেশটিতে বৃষ্টি বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ২৪৫ জন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে , ভারতের মহারাষ্ট্রের ২৬ টি জেলা এখনও পানিতে তলিয়ে আছে। আসামের ২৩ টি, কেরালার ১৪ টি, উত্তরপ্রদেশের ১২ টি, নাগাল্যান্ডের ১১ টি, পশ্চিমবঙ্গের ২২ টি এবং গুজরাটের ১০ টি জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে আছে ।
মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) এর তথ্যমতে, শুধুমাত্র আসামেই সাড়ে ১১ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা কাজ করে যাচ্ছেন। যার মধ্যে আসামে এনডিআরএফ এর ১৫ টি উদ্ধারকারী দল কাজ করছে।
এছাড়া, উত্তরপ্রদেশে ৮ টি, পশ্চিমবঙ্গে কাজ করছে ৮ টি, গুজরাটে কাজ করছে ৭ টি, কেরালা ও মহারাষ্ট্রে ৪ টি করে এবং নাগাল্যান্ডে একটি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।