নিজস্ব প্রতিনিধি : রাউজানে এইচএসসি পাশ করা এক ভুয়া ডাক্তারকে আটক করে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া পথের হাটের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে।
চিকিৎসা সেবা প্রদানের মত কোনো ধরণের সার্টিফিকেট না থাকলেও চেম্বার সাজিয়ে, বাহারি ডিগ্রির সাইনবোর্ড সাঁটিয়ে দীর্ঘদিন চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন মো. জাহাঙ্গীর আলম। সে নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়ার জনৈক আবুল কাসেমের পুত্র।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক জাহাঙ্গীর আলম নোয়াপাড়া পথের হাটের স্কুল মার্কেটে নিজেকে এমবিবিএস, পিজিটি (শিশু মেডিসিন ও সার্জারী) জেনারেল ফিজিশিয়ান,(প্রাক্তন মেডিকেল অফিসার).চট্টগ্রাম সিটি কর্পোরেশন লিখে দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এলাকার জনসাধারণের কাছ থেকে এই অভিযোগ পেয়ে প্রশাসনের নির্দেশে তাকে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা পুলিশ ক্যাম্পে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে জাহাঙ্গীর আলম জানায় সে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেছে। চিকিৎসা দেয়ার মত তার কাছে কোনো ধরণের কাগজপত্র নেই। সে নিজেই স্বীকার করে ভূয়া ডিগ্রী লিখে এতদিন সে মানুষের সাথে প্রতারণা করেছে। এই স্বীকারোক্তি পেয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট শামীম হোসেন রেজা এই অপরাধের দায়ে তাকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা প্রদানের দণ্ড দিয়ে জীবনে এমন প্রতারণা করবেন না বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
তবে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ মিয়া জানান, জাহাঙ্গীরের নামে অপর একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে আদালতে চালান করা হবে।