জামায়াত নেতার বাধায় আঙিনায় ভূমিহীন বৃদ্ধের লাশ দাফন  | বাংলারদর্পন 

দিনাজপুর > দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতার বাধার মুখে শোভা শেখ (৯৫) নামে এক ভূমিহীন বৃদ্ধকে নিজ বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রভাবশালী ওই জামায়াত নেতার বাধার কারণে এলাকার প্রায় তিন একর সরকারি কবরস্থানে দাফনের জন্য সাড়ে তিন হাত জায়গা পাননি বৃদ্ধ শোভা শেখ।

বৃহস্পতিবার এ ব্যাপারে বিচার চেয়ে ৩১১ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়েছে। গত ১৫ এপ্রিল সোমবার বিকেলে বীরগঞ্জ উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে ৩নং শতগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাসিমনগর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত ওই জামায়াত নেতার নাম রমজান আলী (৫০)। তিনি শতগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং এলাকার আয়তুল্লাহ শেখের ছেলে।

অভিযুক্ত রমজান আলী বলেন, আমি কবর খুঁড়তে বাধা দিয়েছি। এখানে (কবরস্থান) দাফন করতে দেইনি। কারও কিছু করার থাকলে করুক।

 

কাসিমনগর পাবনাপাড়া জামে মসজিদের ইমাম শাহাজাহান মুন্সি জানান, এর আগেও রমজান আলী এ রকম একটি ঘটনা ঘটিয়েছেন। যদিও পরে ওই মরদেহ গোরস্থানেই দাফন হয়েছিল। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু করার সাহস পায় না। রমজান আলী জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি বলে জানান তিনি।

এ ব্যাপারে রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বাধা দিয়েছি আপনাদের কী করার আছে করেন।

এলাকাবাসী স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে- রমজান আলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। তিনি সরকারি গোরস্তানে কবর খননের পরও শোভা শেখের মরদেহ দাফন করতে দেননি। ফলে শোভা শেখকে বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলে তিনি ৫ জানুয়ারির মত তাণ্ডব চালাবেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন।

শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, ঘটনার সময় কোনো পক্ষই আমাকে অবহিত করেনি। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করা হয়েছে তবে কোনো সমাধান করা সম্ভব হয়নি।

এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা হলে অফিস সহকারী জানান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাইরে থাকায় দরখাস্তটি এখনও তিনি দেখতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *