ফেনী-নোয়াখালী রুটে বিআরটিসির দোতলা বাস উদ্বোধন | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

সরকারি উদ্যোগে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে ফেনী-নোয়াখালী রুটের যাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষিত সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’র দোতলা বাস সার্ভিস চালু হলো। ৭৪ আসন বিশিষ্ট দুইটি বাস ফেনী সদর হাসপাতাল মোড় থেকে মহিপাল হয়ে নোয়াখালীর মাইজদী, সোনাপুর হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুট হয়ে ভাটিরটেক পর্যন্ত নিয়মিত চলাচল করবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাস আরো বাড়ানো হবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) এনামুল করিম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক আইনুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী, শ্রমিক নেতা আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

বিআরটিসি সোনাপুর বাস ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, যাত্রীদের উন্নত সেবা দিতে বিআরটিসি এ রুটে দোতলা বাস চালু করছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *