ফেনীতে ইট ভাটার  ২লক্ষ ৫০হাজার টাকা অর্থদন্ড ★ বাংলারদর্পন

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর গ্রামের পশ্চিম পাথার ও দড়িপাট্টা জমিতে গিয়ে দেখা যায় একের পর এক গর্ত। কৃষি জমির মাটি কেটে এ গর্তগুলো করা হয়েছে। জোর করে তৈরী করা হয়েছে জমি থেকে রাস্তা পর্যন্ত ট্রাক যাওয়ার প্যাসেজ। ফলে জমিগুলো স্থায়ীভাবে হারিয়ে ফেলছে উর্বরতা। মাটি কাটা জমির কারণে পাশের কৃষি জমি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা দিয়ে মাটি ভর্তি ট্রাক এর চলাচলে গ্রামীণ রাস্তা ভেংগে পড়ছে। পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই মাটিগুলো দিয়ে তৈরী হচ্ছে ব্রিক ফিল্ডের ইট।

 

আজ ১৮ জানুয়ারি, দুপুর ১২ টায় শর্শদী ইউনিয়নের জাহানপুর গ্রাম ও সেই মাটি দিয়ে প্রস্তত করা ইটের ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

তিনি জানান, ইট প্রস্তুত করার জন্য কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনার অপরাধে মাটি উত্তোলনকারী আজিজুল হককে (৪৭) ১লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর যন্ত্র।

 

এছাড়াও অভিযান পরিচালনা করা হয় ধর্মপুরের মঠবাড়িয়ায় হাইওয়ের পাশে অবস্থিত ওপেল ব্রিকস এ। এ সময় দেখা যায় যে,  কৃষি জমির  মাটি ব্যবহার করে ইট  প্রস্তু করছেন তারা। গত ১৭ জানুয়ারি, ২০১৮ তারিখে ১৩ ট্রাক মাটি এখানে সরবরাহ করেছেন আজিজুল হক। এছাড়াও ইটের সাইজ পরিমাপ করে  প্রতিশ্রুত ১০ ইঞ্চি ১ সুতার জায়গায় প্রতি ইটে. ৫ ইঞ্চি মাপে কম পাওয়া যায়। এ সময় ওপেল ব্রিক ফিল্ডের ম্যানেজার নাজমুল ইসলাম ফরহাদকে ১লক্ষ ৫০হাজার- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।

 

অভিযান পরিচালনার সময় শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *