প্রধানমন্ত্রীর অাশ্বাস : জয় বাংলা’ স্লোগানে আনন্দে মাতলেন নন-এমপিও শিক্ষকরা – বাংলারদর্পন 

 

ডেস্ক রিপোর্ট , জানুয়ারি ০৫ , ২০১৮।

নন-এমপিও শিক্ষকদের মধ্যে যেন ঈদের খুশি! সবাই যার যার বাড়িতে ফোনে কথা বলছেন। কেউ স্ত্রীর সঙ্গে, কেউবা তার মেয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। সবাই খুশিতে আত্মহারা। রাস্তায় দাঁড়িয়ে উল্লাসেও মেতেছেন কেউ কেউ। তাদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নন-এমপিও শিক্ষকরা অনশন ভাঙার পর দেখা গেলো এমন চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের কথা জানতে পেরে খুশির ফোয়ারা ছড়িয়ে পড়ে তাদের চোখেমুখে। তাই অনশন ভেঙেছেন তারা।

মেহেরপুর থেকে আসা শিক্ষক রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ভাই আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না! প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। এর চেয়ে বড় ব্যাপার আর কী হতে পারে! তিনি আশ্বাস দিয়েছেন, তাই আমরা বাড়ি ফিরে যাবো। একটু আগে ফোনে মেয়ের সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি, বাড়ি ফিরছি।’

এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট-অর্ডার) দাবিতে গত বছরের ৩১ ডিসেম্বর থেকে অনশনরত শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত করেছেন। শুক্রবার বিকালে শিক্ষকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেন তার একান্ত সচিব সাজ্জাদুল হোসেন। তার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

 

একান্ত সচিব এসে নন-এমপিও শিক্ষক নেতাদের বলেন, ‘আপনাদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন।’ তার মুখে এ কথা শোনার পর অনশনরত শিক্ষকরা নড়েচড়ে বসেন। একান্ত সচিব নিজের বক্তব্যে উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের অনশন সম্পর্কে অবহিত হয়েছেন। এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আপনাদের এমপিওভুক্ত হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনশন ভেঙে ঘরে ফিরে যান।’

এ ঘোষণার পর আনন্দে মেতে ওঠেন নন-এমপিও শিক্ষকরা। প্রেসক্লাব এলাকায় তখন খুশির জোয়ার। এরপর শিক্ষা সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আপনাদের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। তার নির্দেশে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনশন ভেঙে বাড়ি ফিরে যান।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ। আমরা তার আশ্বাস নিয়ে বাড়ি ফিরে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *