রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন:সিপিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

 

বাংলারদর্পন | ০৫ নভেম্বর ২০১৭।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে তার নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।’

প্রধানমন্ত্রী এবং সিপিএ ভাইস পেট্রন শেখ হাসিনা আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধন করেন। সেখানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন এবং তাদের জোরপূর্বক বিতাড়িত করে দেওয়া শুধু এ অঞ্চলে নয়, এর বাইরেও অস্থিরতা তৈরি করছে।

সাম্প্রতিককালে মিয়ানমার সরকারের প্রতিহিংসার শিকার হয়ে সেখান থেকে ৬ লাখ ২২ হাজারের বেশি সে দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে এই বিপুলসংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ জানাব, রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করুন। মিয়ানমারকে তার নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।’

সিপিএ চেয়ারপারসন এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

সিপিএ মহাসচিব আকবর খান, কমনওয়েলথের যুব প্রতিনিধি আইমান সাদিক এবং সিপিএ কোষাধ্যক্ষ ভিকি ডানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে কমনওয়েলথের প্রধান হিসেবে সিপিএ পেট্রন রানি দ্বিতীয় এলিজাবেথের বাণী পড়ে শোনান কমনওয়েলথ সচিবালয়ের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি এবং নৃত্যাঞ্চল শিল্পীগোষ্ঠীর সৌজন্যে বাংলাদেশের ইতিহাস ও কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর ভিত্তি করে বাংলাদেশকে তুলে ধরে বেশ কিছু বর্ণাঢ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সিপিএ এবং বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে ‘কনটিনিউয়িং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ডস অব পারফরম্যান্স অব পার্লামেন্টারিয়ানস’ প্রতিপাদ্য সামনে রেখে এই কনফারেন্সের আয়োজন করেছে।

এতে ৫২টি দেশের ১৪৪টি জাতীয় ও ৪৪টি প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ ৫৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *