বাংলার দর্পন ডেস্ক: নির্বাচন কমিশন একটি স্বাধীন, স্বতন্ত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এখন সম্পূর্ণ স্বাধীনভাবে সর্বক্ষেত্রে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রীর তার কার্যালয়ে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড প্রকল্পের প্রশংসা করে বলেন, এই প্রকল্পটি ফরাসি প্রতিষ্ঠান ওবের্থার টেকনোলজিসের (ওটি) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সোফি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের একটি চিঠিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হাস্তান্তর করেন। চিঠিতে ফিলিপ বলেন, ২০১৭ সালে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বর্ষ উদযাপন করছি। আমি আশা করি, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা জোরদার অব্যাহত রেখে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন জোরদারকরণেও আমাদের সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করতে সক্ষম হব।