চট্রগ্রাম প্রতিনিধি :প্রকাশ- ১৫ নভেম্বর১৬।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার জন্য চট্টগ্রামের নামকরা হ্যান্ডি রেস্টুরেন্টকে ২লাখ ৫০ হাজার ও হাইওয়ে সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত ।
রোববার(১৩ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আনিসুর রহমান । সহায়তা করেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মো. জিশান আহমেদ তালকুদার ও র্যাব সদস্যরা।
র্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো.সোহেল মাহমুদ সিটিজি নিউজকে জানান,চট্টগ্রামের ভোজন রসিক মানুষের অন্যতম প্রিয় জায়গা হচ্ছে হ্যান্ডি রেস্টুরেন্ট। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার অভিজাত মানুষেরা এখানে খাবারের স্বাদ নিতে আসেন। র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে রেস্টুরেন্টে দেখতে পায় রন্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। রান্নাঘরের কর্মীরা কোন প্রকার হ্যান্ড গ্লাভস ছাড়াই খালি হাতে খাবার প্রস্তুত করছে। এ সময় কয়েকটি ফ্রিজে বেশ পুরাতন নোংরা মশলা এবং অন্যান্য রান্নার উপকরণ পাওয়া যায়।
এছাড়াও হ্যান্ডি রেস্টুরেন্ট এর একটি ক্যাশ ম্যামো পর্যালোচনা করে দেখা যায়,আধা লিটার ১টি ১৫ টাকার দামে মাম পানির বোতলের দাম রাখা হচ্ছে ২০ টাকা।
হ্যান্ডি রেস্টুরেন্টকে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ২৪ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা রেস্টুরেন্ট এর মালিক মো মহিউদ্দিন আল-রিয়াজকে (৪৩) ১ লাখ ৫০ হাজার টাকা এবং ম্যানেজার জালাল উদ্দিন (৪৫) ১ লাখটাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী,চিনির সিরার ভেতর মশা, মাছি এবং ঢাকনা ছাড়া মিষ্টি নোংরা ফ্লোরে রাখার দায়ে ‘হাইওয়ে সুইটস’কে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ‘হাইওয়ে সুইটস’ এর ম্যানেজার কৃষ্ণদল মজুমদার (৬৩)কে ২লাখ টাকা এবং হিসাব রক্ষক প্রদীপ কুমার বড়ুয়া (৬৫)কে ১লাখ টাকা সহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
হাইওয়ে সুইটস ও হ্যান্ডি রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা