নিউজ ডেস্ক :
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন ও সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধনে কলকাতা গিয়েছেন প্রধানমন্ত্রী। সমাবর্তন মঞ্চে উপস্থিত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে কলকাতার স্থানীয় সময় ৯টা ২৫ এ নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে হেলিকপ্টারে করে বীরভূমে শান্তিনিকেতনে পৌঁছালে বিশ্ব ভারতীর উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন তাকে অভ্যর্থনা জানান।
এই সমাবর্তন ঘিরে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্বভারতীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিশ্বভারতীর আচার্য। বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি রবীন্দ্র চেয়ারে ফুলেল শ্রদ্ধা জানাবেন।