সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক :

 

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জনগণের স্বার্থেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন শর্ত এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্তব্যের কারণে জনমনে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তাই জাতীয় পার্টি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেবে।

সোমবার মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে রুহুল আমিন হাওলাদার বলেন, দুটি দলের দুঃশাসনে দিশেহারা মানুষ এখন মুক্তি খুঁজছে জাতীয় পার্টিতে।

সাধারণ মানুষ এরশাদের নয় বছরের স্বর্ণযুগে ফিরে যেতে চায়। কারণ, এরশাদের শাসনামলে খুন, গুম, ধর্ষণ ও ব্যাংক লুটের ঘটনা ছিল না। জাতীয় পার্টি সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বিশ্বাস করে না। আগামী নির্বাচনে মানুষ জাতীয় পার্টি ও লাঙলেই ভোট দেবে।

এএনএম রফিকুল আলমের সভাপতিত্বে এবং এসএম হাশেমের পরিচালনায় সম্মেলনে বক্তৃতা করেন শ্রম প্রতিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, ঢাকা উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম পাঠান, কাজী আবুল খায়ের, ডা. সেলিমা খান, মাহফুজ মোল্লা। উপস্থিত ছিলেন নাজমা আক্তার, শফিউল্লাহ শফি, ইছাহাক ভূঁইয়া, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সুলতান আহমেদ সেলিম, শামসুল হক, নাসির উদ্দিন, আনিসুর রহমান খোকন, এমএ রাজ্জাক খান, আবদুস সাত্তার, ইয়াসিন মেজবাহ, অর্পণ চৌধুরী। সম্মেলন শেষে মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির নেতৃতে এএনএম রফিকুল আলমকে সভাপতি এবং এসএম হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *