মো.নাইম তালুকদার : সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীবাউর বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল হোসেন(২৫)। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ট্রাক চালককে সিলেট এম এ জি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত শ্রমিক আবুল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ছিফত উল্লাহর ছেলে।
স্থানীয় ছাতক ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনার পরপরই ট্রাক ও নিহত দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার রাতে চট্টগ্রাম থেকে দোয়ারাবাজার রাবার ড্যামের মালামাল নিয়ে ট্রাক চালক ও ২ শ্রমিক দোয়ারাবাজার যাচ্ছিলেন। আজ রোববার ভোরে ছাতক উপজেলার লক্ষীবাউর বেইলি ব্রিজে ট্রাকটি উঠামাত্র ব্রিজটি ভেঙে মালবাহী ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ২ শ্রমিক নিহত ও ট্রাক চালক আহত হন।
এ ব্যাপারে ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহতদের উদ্ধারে চেষ্টা চলছে।