আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি স্থগিত করলেন শেখ হাসিনা ★ বাংলারদর্পন

ডেস্ক রিপোর্ট :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত আওয়ামী লীগের অনুমোদনহীন উপ কমিটি স্থগিত করা হয়েছে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্বাক্ষরিত উপ কমিটির কোনো বৈধতা নেই।

বৃহস্পতিবার দুপুরে ‘আওয়ামী লীগের উপ কমিটিতে ছাত্রদলের ছড়াছড়ি’ শিরোনামে খবর প্রকাশের পরই বিষয়টি নজরে আসে দলের হাই কমান্ডের। এর পরই দলের কয়েকজন সাংগঠনিক সম্পাদক খবরটি শেখ হাসিনার নজরে আনেন এবং ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

সূত্র জানিয়েছে, বিতর্কিত ছাত্রদল ও বিএনপির নেতাদের আওয়ামী লীগে ঠাঁই দেয়া নিয়ে প্রথমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে পাঠান শেখ হাসিনা। তখন তিনি জানান ‘আপা আমি তো এই উপ কমিটির কোনো কাগজে স্বাক্ষর করিনি। এর পুরো দায়ভার দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের। কারণ তিনিই স্বাক্ষর করেছেন।’

এরপর গণভবন থেকে মাদারীপুরে অবস্থান করা দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী। টেলিফোনে তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এমন অভিযোগ পাল্টা অভিযোগের পর শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা কমিটি স্থগিতের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিভিন্ন উপ কমিটিতে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিন কয়েকজন ছাত্রদল ক্যাডার এবং বির্তকিতদের ঠাঁই দেয়া হয়। যেসব উপ কমিটি দেয়া হয়েছিল সবগুলোতেই দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষর ছিল।

এদিকে, গত কয়েকমাস আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাক্ষরে দলের প্রচার ও প্রকাশনা এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ঘোষণা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *