মৌলভীবাজারে ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’র ২ বাড়ির মালিক লন্ডন প্রবাসী

মৌলভীবাজার প্রতিনিধি– মৌলভীবাজারের বড়হাট ও খলিলপুরের ফতেপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার ভোররাত থেকে ওই দুইটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। দুটি বাড়ীর মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই আবার লন্ডন প্রবাসী।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানান, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়িতে প্রবেশ করতে চাইলে জঙ্গিরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুঁড়ে।
এদিকে পৌরসভার বড়হাটে দ্বিতল বাড়ি থেকেও জঙ্গিরা তিনটা গ্রেনেড ছোড়ে। এরমধ্যে দুইটির বিস্ফোরণ হয়। একটি অবিস্ফোরিত রয়ে গেছে। জবাবে পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
দুটি আস্তানা কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য সাংবাদিকসহ কাউকে বাড়িটির আশপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না। ভোর রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *