ঢাকা : আলোচিত পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যা মামলায় তাদের কন্যা ঐশী রহমানকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে।
আজ রবিবার বিকেলে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি শুরু করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে পেপার উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।
এর আগে, পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে দুটি অভিযোগের দায়ে এই দম্পতির একমাত্র কন্যা ঐশী রহমানকে দু`বার মৃত্যুদণ্ড দেন। ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ।
রায়ে প্রত্যেক মৃত্যুদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই বছর কারাদণ্ড দেয়া হয়। তবে একটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর অন্যটি সরাসরি বাতিল হয়ে যাবে। এছাড়া ঐশীকে আশ্রয় দেয়ায় তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দেন আদালত।
এ হত্যা মামলায় পুলিশ দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে মামলাটির ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। একইসঙ্গে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ঐশীর আইনজীবী। ফলে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২৫টি যুক্তিতে সাড়ে সাতশ’ পৃষ্ঠার নথিপত্র-পেপারবুক প্রস্তুত করা হয়।
নিজের বাবা-মাকে হত্যার প্রধান আসামি পুলিশ কর্মকর্তার একমাত্র কন্যা বিচারিক (নিম্ন) আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজার খালাস চেয়ে করা মামলার ডেথ রেফারেন্স ও আপিল আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় ছিল।
প্রসঙ্গত, রাজধানীর মালিবাগের চামেলীবাগে একটি বাসায় সপরিবারে থাকতেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান। ২০১৩ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকে স্ত্রী স্বপ্না রহমানসহ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান ওই দিনই পল্টন থানায় হত্যা মামলা করেন। ২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
সম্পাদনা / এমএ.